ঢাকা রোববার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

ফরিদপুরে আবাসিক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

ফরিদপুরে আবাসিক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

ফরিদপুর শহরের আলিপুর এলাকায় অবস্থিত বান্ধব পল্লীতে আধুনিক আবাসন সুবিধা নিশ্চিত করতে দুটি সাততলা আবাসিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।

গতকাল শনিবার দুপুরে ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আনুষ্ঠানিকভাবে এ নির্মাণকাজের উদ্বোধন করেন।

উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বান্ধব পল্লীর বাসিন্দারা সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি নায়াব ইউসুফ বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলে আধুনিক আবাসন ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ফরিদপুরের বান্ধব পল্লীতেও এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি বলেন, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এখানকার বাসিন্দারা নিরাপদ ও পরিকল্পিত পরিবেশে বসবাসের সুযোগ পাবেন। একটি পরিবার যেন সম্মানের সঙ্গে বসবাস করতে পারে, সে লক্ষেই এ ধরনের আবাসন উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার সার্বিক জীবনমানের উন্নয়ন ঘটবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা ও ফরিদপুর হাঁড়ি সমাজের মন্ডল শ্যামল জমাদার, রিপন হাঁড়ি, আলো রানী দাস, শ্রীমৎ পবন বন্ধু এবং নাহিদুজ্জামান নাহিদ। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বসবাসের অনুপযোগী পরিবেশে থাকা মানুষদের জন্য এই প্রকল্প একটি আশার আলো হয়ে এসেছে। পাকা ভবনে বসবাসের সুযোগ পেলে তাদের জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহরিয়ার হোসেন সিঁথিল। এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আজহারুল ইসলাম, ফরিদপুর সদর উপজেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ দেলোয়ার হোসেন, ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজম খান ও তানভীর চৌধুরী রুবেল, ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খন্দকার শামসুল আরেফিন সাগর, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ এবং সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

জানা গেছে, প্রকল্পের আওতায় নির্মিত প্রতিটি ফ্ল্যাটের আয়তন হবে প্রায় ৭৫০ বর্গফুট, যেখানে একটি পরিবার স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হয়েছে প্রায় ৩৪ কোটি ৮০ লাখ টাকা এবং চুক্তিমূল্য ধরা হয়েছে ৩২ কোটি ২৩ লাখ ৬৮ হাজার ৬৬৫ টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ফরিদপুর এই প্রকল্প বাস্তবায়ন করছে।

সংশ্লিষ্টরা জানান, এই প্রকল্প শুধু আবাসন সুবিধাই দেবে না, বরং একটি সুপরিকল্পিত ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তুলতে সহায়ক হবে। এতে করে এলাকার সামাজিক ও অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা মনে করছেন, এ ধরনের উদ্যোগ তাদের দীর্ঘদিনের কষ্ট লাঘব করবে এবং নতুন করে স্বপ্ন দেখার সুযোগ করে দেবে। তারা দ্রুত প্রকল্পটির কাজ শেষ করে বসবাসের উপযোগী করে তোলার দাবি জানান।

সবমিলিয়ে, বান্ধব পল্লীর এই আবাসন প্রকল্পটি ফরিদপুরের উন্নয়ন যাত্রায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন হলে এটি এলাকার মানুষের জীবনমানে ইতিবাচক পরিবর্তন আনবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত