ঢাকা রোববার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

আ.লীগের ২৬ নেতাকর্মী কারাগারে

আ.লীগের ২৬ নেতাকর্মী কারাগারে

রাজধানীর ধানমন্ডি এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার হওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৬ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে গতকাল শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে যাওয়ারা হলেন- মাহফুজুর রহমান ওরফে মুরাদ, সোহরাব খাঁ, মোস্তাক বিশ্বাস, রনি, জনি, মুরাদ লস্কর, সিয়াম হোসেন, তারিক জামিল, রাজু, বিল্লাল বখতিয়ার, চয়ন বিশ্বাস, অমিত চক্রবর্তী, তানজিল বিন রশীদ, নিহাদুল ইসলাম, সুপ্ত ঘোষ, সজিব সাহা, কুতুব হিলালী, শিমুল, সোহান আহমেদ, তামিম মোল্লা, সানিউল্ল্যাহ ওরফে শিমুল ব্যাপারী, আব্দুল হান্নান বিশ্বাস, মির্জা ফারহান আনন্দ, নাইমুর রহমান সোহাগ, আব্দুর রহিম ও জাহিদ হাসান।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার ইন্সপেক্টর মোহাম্মদ রেজানুর রহমান তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। বিপরীতে আসামিদের আইনজীবীরা জামিন চান। শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। মামলার বিবরণে বলা হয়েছে, আসামিরা বিভিন্ন সময়ে ধানমন্ডি এলাকাসহ ঢাকা শহরের অলিগলিতে জনসম্মুখে বাংলাদেশ সরকারকে উৎখাতের জন্য বিভিন্ন ধরনের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রসহ অপপ্রচারের উদ্দেশে পরস্পর সমবেত হয়ে মিছিল করে আসছিল। শুক্রবার দুপুরের দিকে আসামিরাসহ অজ্ঞাতনামা পলাতক আসামিরা পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সরকার বিরোধী মিছিল করার জন্য ধানমন্ডিতে সমবেত হয়। তারা দেশের সার্বিক পরিস্থিতি অস্বাভাবিক করা, জন সাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি ও জন-জীবন বিপন্ন সাধনের চেষ্টা করায় সন্ত্রাস বিরোধী আইন/২০০৯ এর ৮/৯(৩)/১০/১১/১২ ধারার অপরাধ করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত