
গত শনিবার খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে (কেকেবিএইউ) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের উদ্যোগে ফ্রম ব্রিকস টু বটস-লেগো রোবোটিক্স (From Bricks to Bots-LEGO Robotics) শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর (ডেজিগনেট) প্রফেসর ড. মো. আনিসুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, আধুনিক প্রযুক্তি গ্রহণ করতে না পারলে জাতি হিসেবে আমরা পিছিয়ে যাব। তাই আমাদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং নতুন নতুন উদ্ভাবনায় মনোযোগ দিতে হবে। এই কর্মশালা থেকে লব্ধ জ্ঞান ও অভিজ্ঞতা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ভবিষ্যতে দক্ষ করে তুলবে, অধিকতর জ্ঞানলাভে আগ্রহী করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. আনোয়ারুল হক জোয়ারদার এবং রেজিস্ট্রার এসএম আতিয়ার রহমান। কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. হেলাল-আন-নাহিয়ান। তিনি ভবিষ্যৎ প্রকৌশল শিক্ষায় এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। তিনি তার উপস্থাপনায় রোবোটিক্সের বর্তমান বাজার, বিভিন্ন প্রয়োগক্ষেত্র, সুবিধা ও সীমাবদ্ধতা এবং বৈশ্বিক প্রেক্ষাপট তুলে ধরেন। কো-রিসোর্স পারসন হিসেবে সহায়তা করেন প্রকৌশলী মো. মাসরুল খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান (ভারপ্রাপ্ত) ড. মো. মুঈন উদ্দিন। কর্মশালায় দ্বিতীয় পর্বে বিষয়ভিত্তিক উপস্থাপনায় হাতে-কলমে রোবট তৈরির কাজ শেখা ছাড়াও রোবোটের মনোমুগ্ধকর ড্যান্সের প্রর্দশন করা হয়। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি