ঢাকা শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

১০০ দিনে রাকসুর ১০৩ কাজ সম্পন্ন

১০০ দিনে রাকসুর ১০৩ কাজ সম্পন্ন

দায়িত্ব গ্রহণের প্রথম ১০০ দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) শিক্ষার্থীদের কল্যাণে ১০৩টি কাজ সম্পন্ন করেছে বলে জানিয়েছে রাকসুর সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ। তিনি বলেন, বাজেট সংকট ছিল আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাজেট না দিয়ে দীর্ঘদিন রাকসুকে অকার্যকর করে রাখা হয়েছিল। বাজেট না পাওয়ার অজুহাতে বসে না থেকে আমরা প্রায় ১০৩টি কাজ সম্পন্ন করেছি। গতকাল রোববার ‘রাকসুর ১০০ দিন : কার্যক্রম পর্যালোচনা ও জবাবদিহিতা’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় রাকসুর বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগের বিস্তারিত তথ্য সাধারণ শিক্ষার্থী ও সংবাদকর্মীদের সামনে উপস্থাপন করা হয়।

রাকসু ভিপি আরও বলেন, বাজেটের বাইরে আমাদের ৮ গুণ কাজ রয়েছে। তার মধ্যে আবাসিকতা ও অনাবাসিক ভাতা সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয়। আমরা এটা নিয়েই কাজ করছি। আমরা নতুন ৭টি হলের বরাদ্দ ম্যানেজ করতে পেরেছি। ইশতেহার পূরণ করতে মোট বাজেটের চেয়ে ৮ গুণ অর্থ প্রয়োজন হবে। সেটাও আমাদের ম্যানেজ করতে হবে। সে অনুযায়ী আমরা চেষ্টা করছি। শতভাগ ইশতেহার পূরণ করতে আমরা বদ্ধপরিকর, ইনশাআল্লাহ। সংবাদ সম্মেলনে রাকসুর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) এসএম সালমান সাব্বির ১০০ দিনের কার্যবিবরণী উপস্থাপন করেন।

তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই শিক্ষার্থীদের প্রতি জবাবদিহি নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে কাজ করছে রাকসু। তিনি আরও বলেন, হল সংসদের প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠক ও সম্মেলনের মাধ্যমে কাজের অগ্রগতি এবং বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়েছে। রাকসুর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে- শিক্ষাবান্ধব ও মানবিক ক্যাম্পাস গড়ে তুলতে শিক্ষাখাতে একাধিক কার্যকর উদ্যোগ গ্রহণ। শোককালীন পরিস্থিতিতে শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষায় উপস্থিতির ক্ষেত্রে ব্যবহারিকতা শিথিল করার প্রস্তাব দেওয়া। আবাসিক হল এলাকায় দ্রুতগতির যানবাহন চলাচল নিষিদ্ধ করার দাবি জানিয়ে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দেওয়া। হলগুলোতে ইন্টারনেট সমস্যার সমাধান ও আইসিটি সেন্টারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ডিজিটাল শিক্ষা কার্যক্রম জোরদার করার উদ্যোগ। পরিবহন দপ্তরের বাসের ট্রিপ বৃদ্ধি করে নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করার দাবি এবং শিক্ষার্থীদের প্রযুক্তিগত সমস্যা সমাধানে ‘টেক হেল্প ডেস্ক’ চালুর রোডম্যাপ ঘোষণা। স্বাস্থ্যখাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে। মেডিকেল সেন্টারে জরুরি চিকিৎসক, নার্স ও ওয়ার্ড বয়ের সংকট নিরসনে স্মারকলিপি প্রদান এবং চিকিৎসাসেবার মানোন্নয়ন নিয়ে মেডিকেল সেন্টারের পরিচালকের সঙ্গে মতবিনিময় করা হয়। ক্যাম্পাসে জরুরি রোগী পরিবহনের জন্য অ্যাম্বুলেন্স বরাদ্দের দাবি জানানো হয়। নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা এবং করোনা পরবর্তী স্বাস্থ্যশিক্ষা উন্নয়নের বিষয়টি প্রশাসনের সামনে তুলে ধরা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত