
কুমিল্লার হোমনায় এক প্রবাসীর স্ত্রী ও দুই শিশুকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত সোমবার রাতে উপজেলার উত্তর মনিপুর তরফ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- তরফ আলীর বড় ছেলে সৌদি প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী সুখী (৩০), তাঁর ছেলে হোসাইন (৫) এবং তরফ আলীর ছোট ছেলে সৌদি প্রবাসী আবদুস সাত্তারের ছেলে জুবায়েদ (৪)।
নিহতদের স্বজন তুষি জানান, জহিরুল ইসলাম প্রবাসে থাকায় তার স্ত্রী সুখী একমাত্র সন্তানকে নিয়ে বাড়ির দালান ঘরে বসবাস করতেন। গত সোমবার রাতে তার দেবরের ছেলে জুবায়েদও জেঠির সঙ্গে ওই ঘরে ঘুমাতে যায়। গতকাল মঙ্গলবার সকালে অনেক বেলা হলেও জুবায়েদ ঘুম থেকে না ওঠায় তাকে ডাকতে যান তার মা। ঘরের দরজার সামনে গিয়ে তিনি মেঝেতে ছেলের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে বাড়ির লোকজন ছুটে এসে সুখী ও তার ছেলে হোসাইনকে খুঁজতে থাকেন। পরে পাশের একটি কক্ষের এক কোণে সুখীর এবং আরেক পাশে তাঁর ছেলে হোসাইনের গলাকাটা লাশ পাওয়া যায়। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তিনটি হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে কাজ চলছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।