ঢাকা রোববার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

হবিগঞ্জে ভারতীয় জিরা জব্দ

হবিগঞ্জে ভারতীয় জিরা জব্দ

হবিগঞ্জ ৫৫ বিজিবির পৃথক দুটি বিশেষ অভিযানে কাগজ জালিয়াতি করে বালুর ভেতরে লুকিয়ে অবৈধভাবে পরিবহন করার সময় এক কোটি ১৭ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা জব্দ হয়েছে। গত শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

বিজিবি জানায়, এর আগে ওইদিন সকালে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর একটি চৌকস আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জেলার মাধবপুরের মুক্তিযোদ্ধা চত্বর নামক এলাকায় সন্দেহভাজন একটি বালুভর্তি ড্রাম ট্রাক আসতে দেখে সংকেত দিয়ে থামায়। তারা তল্লাশি করে দেখতে পায়, গাড়িতে বালুর ভেতরে লুকায়িত অবস্থায় বস্তার মধ্যে অত্যন্ত সুকৌশলে ভারতীয় বিপুল অবৈধ জিরা লুকানো রয়েছে।

এছাড়া একই এলাকায় অভিযান অব্যাহত রেখে আরেকটি সন্দেহভাজন কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি করা হয়। এ কাভার্ড ভ্যানেও বস্তার ভিতরে সুকৌশলে লুকানো ভারতীয় জিরা পাওয়া যায়।

বিজিবি টহলদল কর্তৃক তল্লাশীকালীন গাড়িতে মালামালের সাথে থাকা কাস্টমস কর্তৃক প্রদানকৃত কাগজপত্র যাচায়ান্তে মূলকপির পরিবর্তে নকল কপি থাকায় তা জালিয়াতি করে অবৈধভাবে পণ্য বহন হচ্ছে মর্মে তাৎক্ষনিকভাবে জিরাগুলো জব্দ করা হয়। আটককৃত আমদানি নিষিদ্ধ জিরাগুলো যথাযথ নিয়ম অনুসারে সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান আছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত