ঢাকা রোববার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

দুই মাসের মধ্যেই সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে

দুই মাসের মধ্যেই সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে

মানুষ বিপুল আশা নিয়ে নতুন সরকার ও সংসদ গঠনের দিকে তাকিয়ে ছিল, সংসদের প্রথম অধিবেশনেই সেই আশায় ভাটা পড়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, সরকার জনগণের ভাষা ও আকাঙ্ক্ষা অনুধাবন না করে উল্টো জনমতের বিপরীতে অবস্থান নিয়েছে। গতকাল শনিবার বরিশাল মহানগর জামায়াতের উদ্যোগে দুই দিনব্যাপী রুকন শিক্ষা শিবিরের শেষ দিনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন জামায়াতের এই নেতা। গোলাম পরওয়ার আরও বলেন, সরকার গণভোটে ৭০ ভাগ জনগণের মতামতকে উপেক্ষা করে যে রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে, এটা অপ্রয়োজনীয়। রাজনৈতিক সংকট অনেক বেশি হয়ে যাচ্ছে, এর ফলে মন্ত্রী-এমপিদের জনগণ থেকে পালাতে হচ্ছে। জনগণের প্রত্যাশার বিপরীতে অবস্থান নেওয়ার ফলে সরকার গঠনের দুই মাসের মধ্যেই সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে। বিএনপি সরকারে আসার আগে জনগণের কাছে যে ওয়াদা করেছিল একে একে সেগুলো পদদলিত করে একদলীয় ফ্যাসিবাদের দিকে এগোচ্ছে বলে মন্তব্য করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তার মতে, আওয়ামী ফ্যাসিবাদী শাসনব্যবস্থায় যে সংবিধান তৈরি হয়েছিল বিএনপি সেই সংবিধান রক্ষার জন্য উঠেপড়ে লেগেছে। এর আওতায় সাংবিধানিক পথসমূহ জুলুমের হাতিয়ারে পরিণত হচ্ছে, প্রধানমন্ত্রীর হাতে অসীম ক্ষমতা দেওয়া রয়েছে। এর মাধ্যমে কখনোই ভারসাম্যপূর্ণ সরকারব্যবস্থা গড়ে উঠতে পারে না।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবিতে ছাত্র-যুবকেরা জীবন দিয়ে শেখ হাসিনার সরকারকে ক্ষমতা ছাড়তে ও দেশত্যাগে বাধ্য করেছিল। কিন্তু সেই ছাত্র-জনতার গণ-আকাঙ্ক্ষাকে ক্ষমতায় বসেই বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে বিএনপি। তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর হাতে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগ ও নিয়ন্ত্রণের ক্ষমতা কেন্দ্রীভূত থাকলে সেখানে দলীয়করণ হবে, আর জনগণ এর সুফল পাবে না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত