
ফেনীর সোনাগাজীতে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আল সাঈদ এবং তার অফিসের কার্য সহকারী আবু নাছেরকে নগদ এক লাখ টাকার ঘুষসহ আটক করেছে। দুদকের নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক ফারুক আহমদের নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার দুপুরে পিআইও অফিসে এই অভিযান পরিচালনা করা হয়।
দুদক সূত্রে জানা যায়, ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের হুমায়ুন কবির সাবকন্ট্রাকে চুক্তিপত্রের মাধ্যমে সোনাগাজী উপজেলার ৫টি ব্রিজ ও কালভার্ট নির্মাণের কাজ সম্পাদন করেন। কাজ শেষ করে পিআইও অফিসে বিল চাইলে পিআইও আল সাঈদ তার কাছ থেকে ১২ লাখ টাকার ঘুষ দাবি করেন। প্রথম কিস্তিতে হুমায়ুন কবির ৫ লাখ টাকা প্রদান করেন। পরে দ্বিতীয় কিস্তির জন্য চাপ দিলে তিনি দুদকের দিকে শরাণাপন্ন হন।
দুদকের ফাঁদে হুমায়ুন কবিরের মাধ্যমে কার্য সহকারী আবু নাছেরকে এক লাখ টাকার ঘুষ প্রদান করা হয়। ঘুষ নেওয়ার সময় দুদকের সদস্যরা অভিযান চালিয়ে নগদ এক লাখ টাকাসহ দুই কর্মকর্তাকে আটক করেন। দুদক নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ের উপ-সহকারী পরিচালক চিন্ময় চক্রবর্তী আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- পিআইও আল সাঈদ, সাকতা গ্রাম, কেরানীগঞ্জ, ঢাকা ও কার্য সহকারী আবু নাছের, মমারিজপুর গ্রাম, দাগনভূঞা, ফেনী।
দুদক নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক ফারুক আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।