ঢাকা শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

নওগাঁয় পথ বইমেলা

নওগাঁয় পথ বইমেলা

‘নওগাঁর লেখক, নওগাঁর বই’ প্রতিপাদ্যে নওগাঁ জেলার স্থানীয় লেখকদের বই নিয়ে দিনব্যাপী পথ বইমেলা অনুষ্ঠিত হয়েছে । গতকাল শুক্রবার ১১ টায় নওগাঁ শহরের মুক্তির মোড় জেলা পরিষদের পার্ক গেটে বই মেলার উদ্বোধন করেন- বরেণ্য কবি আতাউল হক সিদ্দিকী। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন।

নওগাঁ সাহিত্য পরিষদের সভাপতি ড. আইয়ুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নওগাঁ সদর উপজেলা সহকারী কমিশনার শেখ নওশাদ হাসান।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুশফিকুর রহমান, জেলা কালচারাল অফিসার তাইফুর রহমান, আবৃত্তি পরিষদের সভাপতি কায়েস উদ্দীন, কথাসাহিত্যিক ও সম্পাদক হাবিব রতন, কবি ও সম্পাদক প্রত্যয় হামিদ, কবি অনিন্দ্য তুহিন, কবি রবিউল মাহমুদ, কবি রিমন মোরশেদ, কবি আসলাম হোসেন, কবি সোহাগ হোসেন, কবি এমএ মজিদ, সাপ্তাহিক প্রজন্মের আলোর সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহমান রিজভীসহ অন্যরা বক্তব্য রাখেন। এ সময় কবি, প্রাবন্ধিক, কথাসাহিত্যিক, চর্যাপদ গবেষকসহ নবীন ও প্রবীণ সাহিত্যিক চেতনার লেখকগণ উপস্থিত ছিলেন।

মেলার আয়োজকরা জানান- বইমেলায় জেলার ৭০ জন লেখকের অন্তত দুইশটি বই স্থান পেয়েছে। গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ ও শিশুদের বই রয়েছে। এসব বইয়ের মুল্য ১০০ টাকা থেকে ৪০০ টাকার মধ্যে। বইমেলার উদ্দেশ্য হচ্ছে নতুন প্রজন্ম ও নওগাঁবাসীর কাছে নওগাঁর লেখকদের তুলেধরা এবং পরিচিত বাড়ানো। সেই সঙ্গে তরুণ প্রজন্ম যে মোবাইল ও সামাজিক বিভিন্ন মাধ্যমে যেভাবে আসক্ত হয়ে পড়েছে তা থেকে বেরিয়ে এসে লেখালেখি ও শিল্প সাহিত্যে প্রতি উদ্বুদ্ধ করণের লক্ষ্যই এ মেলার মূল উদ্দেশ্য।

সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকালের দিকে দর্শনার্থীদের তেমন ভিড় চোখে না পড়লেও বিকালে ক্রেতা ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত ছিল পার্ক গেটের দু’পাশ। এ যেন প্রতিদিনের তুলনায় আলাদা এক চিত্র। বিভিন্ন ধরনের বইয়ে ভিন্ন ভিন্ন বিষয় বস্তু তুলে ধরা হলেও অধিকাংশ লেখকের বইয়ে উঠে এসেছে নওগাঁর ইতিহাস ঐতিহ্য আর সম্ভাবনা।

মেলায় নওগাঁ জেলার ১১টি উপজেলা থেকে আগত লেখকদের আগমনে এক মিলনমেলায় পরিণত হয়। মেলা চলে সন্ধ্যা পর্যন্ত।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত